যানজট নিরসনে বুয়েট অধ্যাপকদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

১৬ সেপ্টেম্বর, ২০২৪ ২০:৫০  

রাজধানী ঢাকার দুই কোটি মানুষের যানজট সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করতে পুলিশের পাশাপাশি দেশসেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুই বিশেষজ্ঞের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে সিগন্যালিং ব্যবস্থা ঠিক করতে বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন তিনি।

বৈঠকে বুয়েটের বিশেষজ্ঞদের অন্তত একটি ট্রাফিক এলাকায় শিক্ষার্থীদের সহায়তা নিয়ে উপযোগী কিছু সমাধান খুঁজে বের করতে বলা হয়। একইসঙ্গে বুয়েটের বিশেষজ্ঞদের অন্তত একটি ট্রাফিক করিডরে তাদের শিক্ষার্থীদের সহায়তায় কিছু নিজস্ব সমাধান খুঁজে বের করতে এবং তাদের নিজস্ব দক্ষতা ব্যবহার করে সিগন্যালিং সিস্টেম ঠিক করতে বলা হয়।

বৈঠকে পরিবহন ও ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন তথ্যচিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘শুধু ঢাকা শহরের যানজটে দেশের বছরে অন্তত ৪০ হাজার কোটি টাকা ক্ষতি হয়।’ এসময়  বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক মো. হাদিউজ্জামান উপস্থিত ছিলেন।

বৈঠকে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ ও ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ বক্তব্য রাখেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের যানজট কমাতে হবে। আমাদের দ্রুতই এর সমাধান খুঁজে বের করতে হবে।

এতে আরো জানানো হয়, বৈঠকে ট্রাফিক পুলিশকে দু-তিনটি গুরুত্বপূর্ণ সড়কের ছোট স্টেশনগুলোতে বাস থামানোর সময়কে দুই মিনিটের কম সময়ে সীমাবদ্ধ করা এবং পরবর্তী সময়ে নগরীর অন্যান্য রাস্তায়ও অনুরূপ ব্যবস্থা গ্রহণের মতো যানজট নিরসনমূলক কিছু পাইলট প্রকল্প গ্রহণ করার আহ্বান জানানো হয়।